ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রগতিশীল ছাত্রজোট এবং সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের সমন্বয়ে গঠিত জোটের পক্ষ থেকে প্যানেল ঘোষণা করা হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমন।
ঘোষণা অনুযায়ী ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীকে ভিপি এবং ছাত্র ফেডারেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি উম্মে হাবিবা বেনজির জিএস পদে লড়বেন।
একই প্যানেল থেকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি সাদিকুল ইসলাম সাদেক এজিএস পদে লড়বেন।
সোমবার বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদও প্যানেল ঘোষণা করে। এ প্যানেল থেকে সহ-সভাপতি পদে লড়বেন নুরুল হক নুর। এছাড়া সাধারণ সম্পাদক পদে লড়বেন মোহাম্মদ রাশেদ খান ও সহ-সাধারণ সম্পাদক পদে ফারুক হোসেন। এই তিনজনই কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
এর আগে রবিবার (২৪ ফেব্রুয়ারি) মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নিজেদের প্যানেল ঘোষণা করে ছাত্রলীগ। ছাত্রলীগের প্যানেল থেকে ভিপি পদে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও জিএস (সাধারণ সম্পাদক) পদে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী লড়বেন।