ডিএসসিসিতেও বৃহস্পতিবার সাধারণ ছুটি

ডিএসসিসি

নির্বাচন উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি এলাকায় বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে একই মন্ত্রণালয় থেকে কেবল উত্তর সিটি করপোরেশন এলাকায় বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়। নতুন এই প্রজ্ঞাপন জারি করায় উভয় সিটি করপোরেশন এলাকায় বৃহস্পতিবার ছুটি থাকছে।

আগামী বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নতুন যুক্ত হওয়া ১৮টি করে মোট ৩৬টি সাধারণ ওয়ার্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ছুটির প্রজ্ঞাপনে বলা হয়েছে—নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্প্রসারিত অংশে কাউন্সিলর পদে নির্বাচন উপলক্ষে নির্বাচনি এলাকাসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্যান্য এলাকায়ও ভোট গ্রহণের দিন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।