সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের ছবিমেলায় ২১টি দেশের ৩১ জন শিল্পীর কাজ জায়গা পাবে। ‘প্লেস’ (স্থান) থিম নিয়ে ধানমন্ডি এলাকাজুড়ে থাকছে এই আয়োজন। আয়োজনে শিল্পী নওয়াজেশ আহমেদকে আজীবন সম্মাননা দেওয়া হবে। এবারের আয়োজনে আসছেন ভারতের বিখ্যাত লেখক অ্যাক্টিভিস্ট অরুন্ধতী রায়। আগামী ৫ মার্চ বিখ্যাত আলোকচিত্রী ও ছবিমেলার অন্যতম আয়োজক শহীদুল আলমের সঙ্গে কথপোকথনে অংশ নেবেন তিনি। এবারের আয়োজনে বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তির বক্তৃতা থাকছে, যেগুলো গ্যোটে ইনস্টিটিউটে হবে।
সংবাদ সম্মেলনে আলোকচিত্রী ও কিউরেটর মুনেম ওয়াসিফ বলেন, ‘ছবিমেলায় এডুকেশন অংশটাকে বরাবরই গুরুত্ব দিয়ে দেখা হয়। আমরা আজকে বসে আছি বাংলাদেশের প্রথম ও সবচেয়ে পুরানো ফটোগ্রাফির স্থানে। আমরা এবার স্থান নিয়ে ভাবতে চেয়েছি। এবং এবারের ছবিমেলার ভেন্যু ধানমন্ডিকে কেন্দ্র করে সাজানো।’
তিনি আরও বলেন, ‘আনোয়ার হোসেন, নাসির আলী মামুন, রশিদ তালুকদারের মতো এমন অনেক শিল্পী আছেন, যারা অনেকদিন কাজ করছেন, কিন্তু তাদের আর্কাইভ সাজানো নেই। আমরা সেগুলোর কাজ হাতে নিয়ে প্রদর্শনী করছি।’
কিউরেটর তানজিম ওয়াহাব ছবিমেলার বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন। রশিদ তালুকদারের কাজের বিষয়ে তিনি বলেন, ‘রশিদ তালুকদার একাত্তরের আগের ও পরের নানা আন্দোলনের সঙ্গে থেকেছেন। তার জীবনের লম্বা সময় তিনি কাজ করেছেন। সেই কাজগুলোকে আমরা আর্কাইভ করেছি, এবারে কিছু অংশ প্রদর্শীত হবে।’
প্রথমবারের মতো অরুন্ধতী রায় আসছেন উল্লেখ করে দৃক ও পাঠশালার স্বত্বাধিকারী আলোকচিত্রী শহীদুল আলম বলেন, ‘আগামী ৫ মার্চ সন্ধ্যায় অরুন্ধতী কথা বলবেন। আমরা তার কথা শুনতে চাই। আমাদের সব আয়োজন সবার জন্য উন্মুক্ত। তবে অরুন্ধতী রায়ের বক্তৃতা যেহেতু, এখানে মিলনায়তনের ধারণ ক্ষমতার বিষয় আছে। সেহেতু রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। আমাদের কোনও আয়োজনে টিকেটের কোনও ব্যবস্থা নেই।’
২৮ ফেব্রুয়ারি ছায়ানট ভবনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হওয়া ছবিমেলা শেষ হবে আগামী ৬ মার্চ সন্ধ্যা ছয়টায়। উৎসবের মূল প্রদর্শনীস্থল এবং সেইসঙ্গে ধানমন্ডি ও পান্থপথে অবস্থিত দৃকের গ্যালারি, গ্যোটে ইনস্টিটিউট, জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ, বৃত্ত আর্ট ট্রাস্ট ও আলিয়ঁস প্রঁসে দো ঢাকাতে প্রদর্শনী হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—ছবিমেলার কর্মশালার শিক্ষক পিটার বিয়েলো ব্রজস্কি, কিউরেটর নাঈম মোহাইমেন, রবিন মিউ কিউরেটর বেথ স্টিট্রিন ও বেনেসা উইনশিপ।