তিনি বলেন, ‘ডিএসসিসির ২২৫ নম্বর কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন তিনি। দুপুরের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর পুলিশ সদস্যরা তাকে দ্রুত মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ তিনি অসুস্থ ছিলেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তিনি বলতে পারেননি। মোবারক হোসেন সেগুনবাগিচার একটি হাই স্কুলের শিক্ষক ছিলেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে ভোটগ্রহণের পাশাপাশি উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ডে (সম্প্রসারিত) কাউন্সিলর পদে ভোট গ্রহণ হয় আজ বৃহস্পতিবার। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় যা বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে।
সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুতে উত্তর সিটির মেয়র পদ শূন্য হয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত উপ-নির্বাচনে ঢাকা উত্তরের মেয়র পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম (নৌকা), জাতীয় পার্টির মোহাম্মদ শাফিন আহমেদ (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আনিসুর রহমান দেওয়ান (আম), প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) শাহীন খান (বাঘ) এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুর রহিম (টেবিল ঘড়ি)।
ঢাকা উত্তর সিটিতে যুক্ত হওয়া ১৮টি সাধারণ ওয়ার্ডে ১১৬ জন এবং সংরক্ষিত ছয়টি ওয়ার্ডে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটির ১৮টি সাধারণ ওয়ার্ডে ১২৫ জন ও সংরক্ষিত ছয়টি ওয়ার্ডে ২৪ জন প্রার্থী রয়েছেন।