বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব পেশ করেন প্যানেলটির নেতারা। একই সময় স্বাধিকার স্বতন্ত্র প্যানেল ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে প্রস্তাবনা পড়ে শোনান এই প্যানেলের সহ-সাধারণ সম্পাদক আবু রায়হান।
প্রস্তাবে বলা হয়েছে, ৩৮টি পদে ভোট দিতে গেলে প্রার্থীদের নাম বেছে নিতে প্রত্যেকটি ভোটার ৩ মিনিটের বেশি সময় পাবেন না। এই অল্প সময়ে সকল শিক্ষার্থীর ভোট প্রদানের সুযোগকে মাথায় রেখে পর্যাপ্ত বুথের ব্যবস্থা করার কোনও বিকল্প নেই। সর্বমোট ৪২ হাজার ৯০৩ জন শিক্ষার্থীর জন্য ৩৫৯টি বুথ রাখার প্রস্তাবনা দিয়েছে তারা।
সংবাদ সম্মেলনে বলা হয়,‘গতকাল প্রশাসন প্রার্থীদের নাম প্রকাশ করেছে। কিন্তু বিধিসম্মতভাবে মনোনয়ন দাখিল করা সত্ত্বেও তা বাতিলের অভিযোগ তুলেছেন ডাকসুর জিএস প্রার্থী আসিফুর রহমান। কিন্তু বাতিলের কারণ সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।’
প্রস্তাবনা অনুযায়ী, অমর একুশে হলের ১ হাজার ৩৪০ জন শিক্ষার্থীর জন্য বুথ সংখ্যা ১১টি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নানেসা মুজিব হলের ২ হাজার ২৪০ জনের জন্য ১৯টি বুথ, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের ১ হাজার ৯২০ জন শিক্ষার্থীর জন্য ১৬টি, বিজয় একাত্তর হলের ৩ হাজার ১৪৭ জন শিক্ষার্থীর জন্য ২৬টি, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ২ হাজার ৪৬ জন শিক্ষার্থীর জন্য ১৭টি, ফজলুল হক মুসলিম হলের ২ হাজার৭০ জন শিক্ষার্থীর জন্য ১৭টি, হাজী মুহাম্মদ মুহসীন হলের ১ হাজার ৯৮২ জন শিক্ষার্থীর জন্য ১৬টি, জগন্নাথ হলের ২ হাজার ৪৩ জন শিক্ষার্থীর জন্য ২০টি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব হলের ১ হাজার ৯৭৬ জন শিক্ষার্থীর জন্য ১৫টি, জসীম উদ্দীন হলের ১ হাজার ৬২৮ জন শিক্ষার্থীর জন্য ১৪টি, সুফিয়া কামাল হলের ৩ হাজার ৭১০ জন শিক্ষার্থীর জন্য ৩১টি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২ হাজার ২৫৭ জন শিক্ষার্থীর জন্য ১৯টি, বেগম রোকেয়া হলের ৪ হাজার ৫৩০ শিক্ষার্থীর জন্য ৩৮টি, সলিমুল্লাহ মুসলিম হলের ১ হাজার ৮০১ জন শিক্ষার্থীর জন্য ১৫টি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ২ হাজার ২৫৫ জন শিক্ষার্থীর জন্য ১৯টি, শামসুন্নাহার হলের ৩ হাজার ৭৩৭ জন শিক্ষার্থীর জন্য ৩১টি, স্যার এ এফ রহমান হলের ১ হাজার ৮৩১ জন শিক্ষার্থীর জন্য ১৫টি বুথ রাখার কথা বলা হয়েছে।
প্যানেলের অপর প্রার্থীরা হলেন, সহ-সাধারণ সম্পাদক আবু রায়হান, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জুলযাবাদাইন সাদমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মালিহা সুলতানা, কমন রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক রোমান উদ্দিন, ক্রীড়া সম্পাদক মো. মেহেদি হাসান খান পাভেল, ছাত্র পরিবহন সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা সম্পাদক মেহেদী ইসলাম সোহাগ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো.পনিচুজ্জামান সাচ্চু। পূণার্ঙ্গ প্যানেল ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত, আগামী ১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ভোটগ্রহণ চলবে।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে ‘স্বাধিকার স্বতন্ত্র পরিষদ’ প্যানেল ঘোষণা