ওবায়দুল কাদের ও ইলিয়াস কাঞ্চনআওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। রবিবার (৩ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘দেশের সড়ককে নিরাপদ করতে ওবায়দুল কাদেরকে খুব প্রয়োজন। সড়কে শৃঙ্খলা ফেরানো ও সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে গত কয়েক বছর তার সঙ্গে কাজ করে অন্তত এ উপলব্ধি আমার হয়েছে। এ কারণে তার আকস্মিক অসুস্থতায় আমি সমবেদনা প্রকাশ করছি। একই সঙ্গে ওবায়দুল কাদেরের আশু রোগমুক্তি কামনায় দেশবাসীকে দোয়া করার অনুরোধ করছি।’
নিসচার প্রচার সম্পাদক এ কে এম ওবায়দুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, ‘ওবায়দুল কাদের বাংলাদেশে নিরাপদ সড়কের একজন বড় শুভাকাঙ্খী। তিনি সরকারের একজন দক্ষ ও কার্যকর ব্যক্তি। দেশের রাজনীতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। সড়ককে নিরাপদ করতে তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।’
প্রসঙ্গত, রবিবার ভোরে ফজরের নামাজের পর হঠাৎ শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ২ নম্বর বেডে চিকিৎসাধীন তিনি। এনজিওগ্রামে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে।