রাজধানীর আরমানিটোলা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শতাধিক মণ রাসায়নিক দ্রব্য উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব)।
মঙ্গলবার (৫ মার্চ) বেলা ২ টা থেকে র্যাব-১০ এর উদ্যোগে মিটফোর্ডের নূরজাহান মার্কেট, আরমানিটোলা ও এর আশেপাশের রাসায়নিক দ্রব্যের গুদামে অভিযান চালায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রট সারোয়ার আলম।
তিনি বলেন, ‘বিভিন্ন কেমিক্যাল (রাসায়নিক দ্রব্য) গুদামে অভিযান চালিয়ে এখন পর্যন্ত শতাধিক মণ কেমিক্যাল জব্দ করা হয়েছে। অভিযান এখনও চলছে।’
র্যাবের এই অভিযানে বিস্ফোরক অধিদফতর, ওষুধ প্রশাসন, সিটি করপোরেশন ও অন্যান্য সেবাদানকারী সংস্থা সহযোগিতা করছেন।
তিনি জানান, এখন পর্যন্ত চারটি রাসায়নিক দ্রব্য আমদানিকারক প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তিনশ’ মণ রাসায়নিক দ্রব্য সাতদিনের মধ্যে এখান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।