দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘আলোচনায় সিটি নির্বাচন’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (৫ মার্চ) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘২০১৫ সালের ২৮ এপ্রিলের নির্বাচন সঙ্গে এবারের নির্বাচনের তুলনামূলক তথ্যের ভিত্তিতে বলা যায়, এবার অনেকটা নিরুত্তাপই গেছে। আমরা যদি ২০১৫ সালের হিসাব দেখি, তখন ভোট পড়েছিল ৩৭ দশমিক ২৯ শতাংশ। এবার বলা হচ্ছে, ৩১ দশমিক ০৫ শতাংশ। এর আগে ২০০২ সালের সিটি নির্বাচনেও ৩৪ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে।’
শেরিফ আল সায়ার বলেন, ‘এবার ভোটার উপস্থিতি কম হওয়ার পেছনে রাজনৈতিক নেতারা প্রতিকূল আবহাওয়াকে প্রধান কারণ হিসেবে দেখছেন। কিন্তু আমার কাছে মনে হয়, নির্বাচন নিয়ে আমাদের পূর্ব-অভিজ্ঞতাই আসলে ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার প্রধান কারণ।’
সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন– সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ, ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের (ফেমা) সভাপতি মুনিরা খান, বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির বার্তা বিভাগের সম্পাদক সুকান্ত গুপ্ত অলক এবং সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন।
ছবি: নাসিরুল ইসলাম