‘ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ থেকে প্রেরণা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য ঠিকভাবে পালন করতে হবে। নিজ দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।’
বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেওয়া বক্তৃতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া একথা বলেন। এর আগে উপাচার্য সবাইকে নিয়ে বি-ব্লকে নিচতলায় অবস্থিত জাতির জনকের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
কনক কান্তি বড়ুয়া বলেন, ‘৭ মার্চ আমাদের উজ্জীবিত হওয়ার দিন। মুক্তির আনন্দে জেগে উঠার দিন।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই বাঙালি জাতিকে স্বাধীনতার চূড়ান্ত সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উদ্ধুদ্ধ করেছিল। বর্তমানে বিচক্ষণ, দূরদর্শী, মানবদরদী নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রনায়কোচিত দেশ পরিচালনায় বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’
এসময় বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সিন্ডিকেট মেম্বর অধ্যাপক ডা. কাজী শহীদুল আলম, সার্জারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. জিল্লুর রহমান ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।