ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পুরনো ভবনের লিফট ছিঁড়ে আহত হওয়া আইনজীবীসহ অন্যদের নিয়মিত খোঁজখবর নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে প্রধান বিচারপতি এ আশ্বাস দেন।
আহতদের উদ্দেশে সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আপনারা সুস্থ না হওয়া পর্যন্ত আমি নিয়মিত খোঁজখবর নেবো।’
এসময় সেখানে উপস্থিত ঢাকা মেডিক্যাল কলেজের পরিচালককে আহতদের চিকিৎসার বিষয়ে সর্বাত্মক সহায়তা দেওয়ার অনুরোধ করেন প্রধান বিচারপতি।
এসময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আপিল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার এবং সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পুরনো ভবনের লিফট ছিঁড়ে ১২ জন আহত হন। আহতদের মধ্যে ১০ জনকে ঢামেক হাসপাতাল ও দুই জনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।