রাজধানীতে চাঁদা না পেয়ে বুটিক হাউজে ভাঙচুরের অভিযোগ



২২২২রাজধানীর আদাবরে একজন বাড়ির মালিকের কাছে চাঁদা না পেয়ে তার স্ত্রীর বুটিক হাউসে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৯ মার্চ) বিকালে আদবরের ১৩ নম্বর সড়কের ৬৭৫ নম্বর বাড়ির নিচতলার তাসলিমা উইমেন্স ক্লোথিং টেইলার্সে ভাঙচুর চালানো হয়েছে। আবু তাহের নামে একজন বাড়ির মালিকের স্ত্রী এই বুটিক হাউজ পরিচালনা করেন।
আবু তাহের বলেন, ‘তিন মাস আগে আদাবর ১৩ নম্বর সড়কের মাথায় আমার নতুন একটি বাড়ির কাজ চলছিল। ওই বাড়ির পাইলিং করার সময় নবি নামে এক সন্ত্রাসীর নামে শ্রমিকদের কাছে চাঁদা চাওয়া হয়েছিল। চাঁদা না দিলে কাজ করতে দেওয়া হবে না বলে তারা হুমকি দিয়ে যায়। এরপরও আমি কাজ চালিয়ে গেছি। এতদিন তাদের কোনও খোঁজ ছিল না।’
তিনি বলেন, ‘আমার বোনের বাসার নিচে আমার স্ত্রীর বুটিক হাউজ রয়েছে। এটির নাম তাসলিমা উইমেন্স ক্লোথিং টেইলার্স। সেখানে পাঁচ তরুণ এসে আমাকে খুঁজতে থাকে। বুটিক হাউজের কাটিং মাস্টার মিজানুর রহমান তখন তাদের জানায়, আমি বুটিক হাউজে নেই। এরপরই তারা বাঁশ দিয়ে ভাঙচুর শুরু করে। এ সময় একজন নারী সেলস কর্মীও বুটিক হাউজে ছিল। তাদের ভয়ভীতি দেখানো হয়। বুটিক হাউজের ক্যাশে থাকা ৫০ হাজার টাকা নিয়েছে তারা। পরবর্তীতে লোকজন আসার পর তারা পালিয়ে যায়।’
আবু তাহের বলেন, ‘ঘটনার পর আমি সিসি ক্যামেরার ভিডিও সংগ্রহ করেছি। পুলিশকে অভিযোগ করেছি। আমি মামলা করবো।’
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কাওসার আহম্মেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার পর আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মালিকের সঙ্গে কথা বলেছেন। তবে কারা হামলা করেছেন, মালিক তা বলতে পারেননি। আমরা বিভিন্নভাবে হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা করছি। তাদের শনাক্ত করার জন্য আমাদের টিম কাজ করছে।’