সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন বুধবার শুরু

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) ২০১৯-২০ সালের নির্বাচন আগামীকাল বুধবার (১৩ মার্চ) শুরু হচ্ছে। দুই দিনব্যাপী এই নির্বাচনের ভোটগ্রহণ আগামী বৃহস্পতিবার (১৪ মার্চ) পর্যন্ত চলবে। এ দুই দিন সকাল ১০টা থেকে মাঝে ১ ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

মঙ্গলবার (১২ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সুপারিনটেনডেন্ট (তত্ত্বাবধায়ক) নিমেষ চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আগামীকাল নির্বাচন শুরু হতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে বুথ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে পাওয়া তথ্য অনুসারে, এ নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর নির্বাচনে ৮ হাজার ৮৮ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এ ওয়াই মশিউজ্জামান।

এবারের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত (সাদা প্যানেল) থেকে সভাপতি প্রার্থী হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন ও সম্পাদক পদে আইনজীবী আব্দুন নূর দুলাল প্রার্থী হয়েছেন।

এ ছাড়া, সহ-সভাপতি পদে মো. জসিম উদ্দিন ও বিভাস চন্দ্র বিশ্বাস, সহ-সম্পাদক পদে বাসির উদ্দিন ভূঁইয়া এবং কাজী শামসুল হাসান শুভ, ট্রেজারার পদে সৈয়দ আলম টিপু প্রার্থী হয়েছেন। পাশাপাশি সদস্য পদে আইনজীবী মোহাম্মদ জগলুল কবির, মশিউর রহমান, শামীম সরদার, আফিয়া আফরোজি রানী, আওলাদ হোসেন, হুমায়ূন কবির, চঞ্চল কুমার বিশ্বাস প্রার্থী হয়েছেন।

অন্যদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল প্যানেল) থেকে সভাপতি পদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল জামিল (এ জে) মোহাম্মদ আলী এবং সম্পাদক পদে বর্তমান সম্পাদক ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন প্রার্থী হয়েছেন।

আর সহ-সভাপতি পদে মো. আব্দুল জব্বার ভূঁইয়া এবং আব্দুল বাতেন, কোষাধ্যক্ষ পদে মো. ইমাম হোসেন, সহ-সম্পাদক পদে মোহাম্মদ মুজিবুর রহমান এবং শরীফ ইউ আহম্মেদ প্রার্থী হয়েছেন।

এ ছাড়া, এই প্যানেলের সদস্য পদের প্রার্থিতা পেয়েছেন– অ্যাডভোকেট রাশিদা আলিম ঐশী, মোহাম্মদ ওসমান চৌধুরী, কাজী আখতার হোসেন, মো. শাফিউর রহমান, মো. শরীফ উদ্দিন রতন, মো. মোহাদ্দেস-উল-ইসলাম ও সৈয়দা শাহীন আরা লাইলি।

প্রধান দু’টি দলের প্যানেল ছাড়াও এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৃথক পৃথকভাবে সভাপতি পদে আইনজীবী এ বি এম ওলিউর রহমান খান এবং ড. ইউনুছ আলী আকন্দ, সম্পাদক পদে আইনজীবী মনির হোসেন, সহ-সম্পাদক পদে আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া এবং সদস্য পদে তপন কুমার দাস নির্বাচনে প্রার্থী হয়েছেন।

প্রসঙ্গত, প্রতিবছর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির  সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদে নির্বাচন হয়। এর আগে ২০১৮-১৯ সালের নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা নিরঙ্কুশ জয় পান। সভাপতি, সম্পাদকসহ ১০টি পদে জয় লাভ করে এই প্যানেল। অন্যদিকে, আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) সমর্থিত প্রার্থীরা চারটি পদে জয় লাভ করে।