জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহন করা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খেয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিন শিক্ষার্থী। মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে রাজধানীর শ্যামলী শিশুমেলার সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন জবির ১৪ ব্যাচের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিয়ান, ১৩ ব্যাচের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রোকাইয়া ও মনি।
বাসে থাকা শিক্ষার্থীরা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, বিআরটিসি থেকে ভাড়া নেওয়া ডাবল ডেকার উত্তরণ বাসটি সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয় থেকে রওনা করে সাড়ে চারটা নাগাদ শ্যামলী শিশুমেলার সামনে পৌঁছায়। এসময় বাসের সামনে থাকা একটি প্রাইভেট কারকে জায়গা দিতে গিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। এসময় বাসের ইঞ্জিনসহ সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।এ ঘটনায় আহত তিন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে কথা বলতে বাসের চালক সুলেমান মিয়ার মোবাইল ফোনে কল দিয়েও পাওয়া যায়নি।
উত্তরণ বাসে যাতায়াতকারী ১১ ব্যাচের শিক্ষার্থী নাজমুল হক বলেন, ‘বাসটির অবস্থা আগে থেকেই নড়বড়ে। শিক্ষার্থীর চাপও বেশি। এর আগেও চলন্ত অবস্থায় বাসের চাকা খুলে গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নতুন বাসের আবেদন করা হলেও কোনও ব্যবস্থা হয়নি।
এবিষয়ে বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক আবদুল্লাহ-আল-মাসুদ বলেন, ‘বিআরটিসি থেকে পরিবহন অফিসকে এবিষয়ে জানানো হয়নি। কাল এবিষয়ে খোঁজ নেবো, আসলে কী ঘটেছে।’
সহকারী প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘বিআরটিসির ভাড়া বাস হওয়ায় আমরা খবরটি এখনও পাইনি। আহতদের অবস্থা জেনে ব্যবস্থা নেওয়া হবে।’
এবিষয়ে বিআরটিসির কল্যাণপুর বাস ডিপো ম্যানেজার মো. মশিউজ্জামানকে বারবার ফোন দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।