নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে ছাত্র ফেডারেশনের সংহতি

fedaration20170111185429নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। মঙ্গলবার ( ১৯ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জাহিদ সুজন এবং সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা এক যৌথ বিবৃতিতে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। একই সঙ্গে এই দুর্ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান। দোষীদের বিচারের দাবিতে প্রতিবাদকারী শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গেও পূর্ণ সংহতি প্রকাশ করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
বিবৃতিতে নেতারা বলেন, আবরারকে বাস চাপা দেওয়া হয়েছে জেব্রা ক্রসিংয়ের ওপর। প্রতিনিয়ত প্রতিযোগিতায় লিপ্ত বাস চালক। বাসের গতি নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা আনতে ব্যর্থ ট্রাফিক পুলিশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। আগের সড়ক দুর্ঘটনায় নিহতদের সুষ্ঠু বিচার হলে এবং সড়কে কর্তৃপক্ষের নিয়মিত তদারকি বজায় থাকলে এমন ঘটনা নিঃসন্দেহে কমে আসত।
গোলাম মোস্তফা বলেন, নিরাপদ সড়কের দাবিতে কিশোরদের গতবছরের আন্দোলনের পরও সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের টনক নড়েনি আজ পর্যন্ত। কিশোরদের দাবিগুলোর বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। তাদের অবহেলার কারণেই প্রতিনিয়ত সড়কে ছাত্র তথা জনসাধারণ মৃত্যুমুখে পতিত হচ্ছে। এরই পরিণতিতে আবরার আহমেদকে আজ আমরা হারিয়েছি।

আরও পড়ুন: নর্দ্দা এলাকায় বাসচাপায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ