সচিবালয়ে নির্মাণাধীন ভবনের দুর্ঘটনা তদন্তে দুই কমিটি

বাংলাদেশ সচিবালয় (ফাইল ছবি)

বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের জন্য নির্মাণাধীন ভবনে সংঘটিত দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি কমিটি গঠন করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. মো. আফজাল হোসেনকে আহ্বায়ক এবং উপসচিব মো. মাহমুদুর রহমান হাবীবকে সদস্য সচিব করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। অপর দুই সদস্য হলেন স্থাপত্য অধিদফতরের একজন উপ-প্রধান স্থপতি ও গণপূর্ত ডিজাইন সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী।

বৃহস্পতিবার (২৮ মার্চ) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সরেজমিনে তদন্ত করে দুর্ঘটনার কারণ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিমের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয় এই তদন্ত কমিটি গঠন করে।

অপরদিকে, গণপূর্ত অধিদফতর অডিট ও মনিটরিং সার্কেল, ঢাকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী  মো. সাঈদ মাহবুব মোরশেদকে আহ্বায়ক ও গণপূর্ত ডিজাইন বিভাগ-২, ঢাকার নির্বাহী প্রকৌশলী জনাব মো. ইমদাদুল হককে সদস্য সচিব করে তিন সদেস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির  অপর সদস্য হলেন গণপূর্ত ই/এম প্ল্যানিং বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আবু তালেব। এই কমিটিকে সরেজমিনে পরিদর্শন ও তিন কর্মদিবসের মধ্যে মতামত প্রদান করতে বলা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের জন্য নির্মিতব্য ২০তলা ভবনে বৃহস্পতিবার (২৮ মার্চ) আনুমানিক সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে এবং এতে একজন নির্মাণ শ্রমিক মৃত্যুবরণ করেন।