তদন্ত কমিটির প্রধান ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. ইয়াকুব আলী পাটওয়ারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। সাতদিনের সময় দেওয়া হলেও আমরা আগেই তদন্ত করে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবো। শুক্রবার আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আজ শনিবার কমিটির সদস্যদের নিয়ে সভা করেছি।’
তিনি বলেন, ‘দুদিনের মধ্যে ভবন সম্পর্কিত কাগজপত্র নিয়ে দেখা করতে ভবনটির মালিকপক্ষকে নোটিশ করেছি। এমনি তারা কীভাবে অনুমোদন পেয়েছে, অনুমোদনে কোনও অনিয়ম ছিল কিনা, কারা অনুমোদন দিয়েছেন সব কিছুই আমরা খতিয়ে দেখবো।’
জানা গেছে, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ. ম রেজাউল করিমের নির্দেশে ওই অগ্নিকাণ্ডের পর (২৮ মার্চ) রাতেই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. ইয়াকুব আলী পাটওয়ারীকে আহ্বায়ক এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ফাহিমুল ইসলামকে সদস্যসচিব করে ৮ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। শুক্রবার (২৯ মার্চ) দুর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন কমিটির সদস্যরা।
কমিটিতে আরও আছেন স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসীর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (পরিকল্পনা) মো. সাঈদ নূর আলম, গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. মইনুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম। তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার কথা বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় আহতদের ৩৩ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে আগুন লাগার পর ওই ভবন থেকে মোট ১৩০ জনকে উদ্ধার করা হয় যাদের মধ্যে এখন পর্যন্ত ২৬ জন মারা গেছেন।
শুক্রবার সকালে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী রেজাউল করিম অগ্নিদুর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন। সে সময় তিনি বলেন, ‘এফ আর টাওয়ারের প্ল্যান অনুমোদনের প্রক্রিয়ার ভেতরে কোনও নিয়মের ব্যত্যয় ঘটেছে কিনা, অনুমোদিত প্ল্যানের বাইরে বিল্ডিং নির্মাণ হয়েছে কিনা, হয়ে থাকলে এর সঙ্গে কারা কারা জড়িত, ডেভেলপার, ভবন মালিক এমনকি রাজউকের কেউ জড়িত থাকলে সে সম্পর্কে প্রতিবেদন দেবে তদন্ত কমিটি।’
আরও পড়ুন: বনানীর এফ আর টাওয়ারে আগুন