বাংলা নববর্ষ উদ্‌যাপনে নানা প্রস্তুতি





9ede9c49aff577b7ce8ac6fba6e31b6a-58d97a3616557আসন্ন বাংলা নববর্ষ সুষ্ঠুভাবে উদ্‌যাপনর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ তিনটি কমিটি গঠনসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। আনন্দময় পরিবেশে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও শৃঙ্খলার কথা বিবেচনা করে সতর্কতার সঙ্গে নববর্ষ উদ্‌যাপন করতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
রবিবার (৩১ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান তিনি।
এদিন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-এর সভাপতিত্বে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, সিনেট-সিন্ডিকেট সদস্য, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, অফিস প্রধান এবং বিভিন্ন সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নববর্ষের দিন যা করা যাবে না
বাংলা নববর্ষ ১৪২৬ উদ্‌যাপন উপলক্ষে আগামী ১৪ এপ্রিল সকালে চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে বের করা হবে মঙ্গল শোভাযাত্রা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনও ধরনের মুখোশ পরা এবং ব্যাগ বহন করা যাবে না। তবে চারুকলা অনুষদের তৈরি মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। ক্যাম্পাসে নববর্ষের দিন সব ধরনের অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুভুজেলা বাঁশি বাজানো ও বিক্রি নিষিদ্ধ। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।


নববর্ষের দিন ক্যাম্পাসে বিকাল ৫টা পর্যন্ত প্রবেশ করা যাবে। এরপর শুধু বের হওয়া যাবে। নববর্ষের আগের দিন ১৩ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৭টার পর ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনও গাড়ি প্রবেশ করতে পারবে না। নববর্ষের দিন ক্যাম্পাসে মোটরসাইকেলসহ কোনও ধরনের যানবাহন চালানো যাবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাসরত কোনও ব্যক্তি নিজস্ব গাড়ি নিয়ে যাতায়াতের জন্য শুধুমাত্র নীলক্ষেত মোড় সংলগ্ন গেট ও পলাশী মোড় সংলগ্ন গেট ব্যবহার করতে পারবেন। নববর্ষের দিন রাজু ভাস্কর্যের পেছনে সোহরাওয়ার্দী উদ্যানের গেট বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগত ব্যক্তিরা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য চারুকলা অনুষদ সংলগ্ন ছবির হাটের গেট, বাংলা একাডেমির সামেনের গেট ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন গেট ব্যবহার করতে পারবেন এবং সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হওয়ার পথ হিসেবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন গেট, রমনা কালীমন্দির সংলগ্ন গেট ও বাংলা একাডেমির সামনের গেট ব্যবহার করতে পারবেন।
হাজী মুহম্মদ মুহসীন হল মাঠ সংলগ্ন এলাকা, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন এলাকা, দোয়েল চত্বরের আশে-পাশের এলাকা ও কার্জন হল এলাকায় মোবাইল পাবলিক টয়লেট স্থাপন করা হবে।

নিরাপত্তার জন্য সিসিটিভি ও আর্চওয়ে
নববর্ষের দিন নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্তসংখ্যক সিসি ক্যামেরা ও আর্চওয়ে স্থাপন করে তা মনিটরিংয়ের জন্য পুলিশকে অনুরোধ জানানো হয়েছে।
বাংলা নববর্ষ উদ্‌যাপনে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে ৩৭ সদস্যের কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এই কমিটির সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।
কেন্দ্রীয় কমিটি ছাড়াও দুটি উপ-কমিটি গঠন করা হয়। এগুলো হচ্ছে শৃঙ্খলা উপ-কমিটি ও মঙ্গল শোভাযাত্রা উপ-কমিটি। ৪১ সদস্যের শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এবং সদস্য-সচিব সহকারী প্রক্টর মো. আবদুর রহিম। ৫১ সদস্যের মঙ্গল শোভাযাত্রা উপ-কমিটির আহ্বায়ক চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং সদস্য-সচিব সহকারী প্রক্টর মো. নাজির হোসেন খান। সভায় উপ-কমিটিগুলোকে আগামী সাত দিনের মধ্যে সব কাজ শেষ করে উপাচার্যকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।