মেডিক্যাল কলেজগুলোয় নিউরোসার্জারিতে প্রয়োজনীয় পদ সৃষ্টির দাবি

১২৩৩৩

দেশের মেডিক্যাল কলেজগুলোয় নিউরোসার্জারি বিভাগে প্রয়োজনীয় সংখ্যক পদসৃষ্টির দাবি জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। জাতীয় বৈজ্ঞানিক সম্মেলন ও ১৯তম বার্ষিক সাধারণ সভায় তিনি এই দাবি জানান।

রবিবার (৩১ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর শহীদ ডা. মিলন হলে সভাটি অনুষ্ঠিত হয়েছে।

এসময় ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন আরও বলেন, ‘কার্ডিওলজিসহ বিভিন্ন বিষয়ে দেশের চিকিৎসা ব্যবস্থা অনেক দূর এগিয়ে গেছে। নিউরোসার্জারি চিকিৎসা শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য অংশ। দেশের ক্রমবর্ধমান চাহিদা ও কার্যক্রমে বাংলাদেশের নিউরোসার্জনদের পদচারণা প্রশংসারযোগ্য।’

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, ‘নিউরোসার্জারিতে প্রয়োজনীয় সংখ্যক পদ সৃষ্টির বিষয়টি যেমন জরুরি, তেমনই যাকে সেখানে পদায়ন করা হবে সেখানে চাকরি করার বা রোগীদের সেবা দেওয়ার মানসিক প্রস্তুতিও থাকতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস এর সভাপতি অধ্যাপক ডা. এটিএম মোশারেফ হোসেন।