রাজধানীর বহুতল ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা জানাতে হাইকোর্টের আদেশ

বনানীর এফ আর টাওয়াররাজধানীর সাততলা বা তার ঊর্ধ্ব ভবনগুলোর অগ্নিনির্বাপণের ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়েছে হাইকোর্ট। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মেয়র, রাজউক এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালকের সমন্বয়ে গঠিত যৌথ কমিটিকে চার মাসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের আদেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে অগ্নিনির্বাপণে ও দুর্যোগ মোকাবেলার জন্য ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে কত জনবল, কী পরিমাণ আধুনিক ও পর্যাপ্ত উপকরণ, যন্ত্রপাতি ও যানবাহনের সক্ষমতা রয়েছে সে বিষয়েও একটি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

এক মাসের মধ্যে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালককে এই প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১ এপ্রিল) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার শুকলা সারওয়াত সিরাজ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

এর আগে গত ৩১ মার্চ রাজধানীর বিভিন্ন স্থানে আগুনের ঘটনা নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন গুলশান সোসাইটির সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার শুকলা সারওয়াত সিরাজ। রিট আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সচিব এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, ফায়ার ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক এবং রাজউক চেয়ারম্যানকে বিবাদী করা হয়।