প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে মানহানির মামলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর কার্যনির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণের বিদেশে যাওয়ায় নিষেধাজ্ঞা ও জামিন বাতিলের আবেদন করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) মামলাটির বাদীর আইনজীবী ব্যারিস্টার রেফায়েতুল করিম লেলিন আদালতে এই আবেদন করেন।
জানা যায়, মঙ্গলবার মামলাটির ধার্য তারিখ ছিল। কিন্তু আসামি কিরণ বিদেশে থাকায় আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবী লিয়াকত হোসেন সময়ের আবেদন করেন। একই সঙ্গে জামিন স্থায়ী করার আবেদনও করেন।
আইনজীবী লিয়াকত হোসেন জানান, উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী আবেদনগুলোর ওপর অধিকতর শুনানি জন্য আগামী ১৫ এপ্রিল দিন ধার্য করেছেন।
গত ১২ মার্চ ঢাকা মহানগর হাকিম আদালত সরাফুজ্জামান আনসারী আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জারি করেন। ১৬ মার্চ আসামি মাহফুজা আক্তার কিরণ গ্রেফতার হন। ওই দিনেই ঢাকা মহানগর হাকিম আদালতের হাজির করা হয় তাকে। বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর ১৯ মার্চ মাহফুজা আক্তার কিরণকে জামিন দেন ঢাকা মহানগর হাকিম।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ‘আসামি মাহফুজা আক্তার কিরণ গত ৮ মার্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল সংগঠকদের নিয়ে মানহানিকর বক্তব্য দেন।’ ওই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন।