সুপ্রভাতের কন্ডাক্টর ও হেলপারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

সুপ্রভাত গাড়ির চাপায় নিহত আবরার আহমেদ চৌধুরী (ফাইল ছবি, সংগৃহীত)

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিইউপি শিক্ষার্থী আবরার চৌধুরীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সুপ্রভাত গাড়ির কন্ডাক্টর ইয়াসিন আরাফত ও হেলপার ইব্রাহিম। এরপর ওই দু’জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে সংশ্লিষ্ট থানার সাধরণ নিবন্ধ কর্মকর্তা রকিবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান। 

মঙ্গলবার (২ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী ও সারাফুজ্জামান আনছারী তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। 

এর আগে, ২৭ মার্চ বিকালে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এই দুই আসামিকে সাত দিনের রিমান্ডে পাঠান।

আটকের পর বাসের কন্ডাক্টর আরাফাত (ফাইল ছবি)

আরও আগে, ২০ মার্চ বাসটির চালক সিরাজুল ইসলামের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সিরাজুল।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৯ মার্চ সকালে বসুন্ধরা সিটি গেটের প্রগতি সরণি জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার সময় সুপ্রভাত পরিবহনের একটি গাড়ি বিইউপি শিক্ষার্থী আবরারকে চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হন আবরার। দুর্ঘটনার দিন রাতেই আবরারের পিতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আহাম্মেদ চৌধুরী গুলশান থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।  

এই ঘটনার কিছুক্ষণ আগে বাড্ডার দিক থেকে দ্রুত গতিতে বাস চালিয়ে শাহজাদপুরের বাঁশতলায় পথচারী সিনথিয়া সুলতানা মুক্তাকে চাপা দেয় গাড়িটি। এই ঘটনায় গুরুতর আহত হন সিনথিয়া।