এসএম হলের ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি ভিসি

ভিসি অধ্যাপক আখতারুজ্জামানঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে ডাকসু ভিপি নুরুর হক নুর এবং শামসুন্নাহার হলের ভিপি শেখ তাসনীম আফরোজ ইমিসহ অন্যদের ওপর হামলার ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বুধবার (৩ এপ্রিল) সকালে নুরের নেতৃত্বে হামলার শিকার নেতাকর্মীরা ভিসির সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ আশ্বাস দেন।

ভিসি বলেন, ‘ডাকসুর ভিপি নুরসহ তার সঙ্গে থাকা শিক্ষার্থীদের সঙ্গে আমার কথা হয়েছে। তাদেরকে বলেছি, এখন কেন্দ্রীয় ছাত্র সংসদ আছে। যেকোনও দাবি দাওয়া আদায়ে একটি দায়িত্বশীল জায়গা তৈরি হয়েছে। আন্দোলনকারীদের আমি বুঝিয়েছি, এখন যেকোনও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা সম্ভব। আমাদের এখন দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন পর ডাকসু হওয়াতে অনেকে তাদের দায়িত্ব সম্পর্কে জানেন না। হল সংসদের নেতারাও বুঝেন না, তাদের কি করণীয়, কীভাবে করতে হবে। তািই ভাবছি যে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করবো। যারা ডাকসুর সাবেক তাদের নিয়ে এসে একটু প্রোগ্রাম করবো। আর যেকোনও অন্যায়-অপরাধ ক্যাম্পাসে ঘটলে আমাদের একটি প্রক্রিয়া অবলম্বন করে তারপর সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। এসএম হলের ঘটনার ক্ষেত্রেও তাই হবে।’

ভিসি আখতারুজ্জামন বলেন, ‘গতকালকের ঘটনায় হলের প্রভোস্ট তাৎক্ষণিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। যারা দোষী তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আমি তাদের বলেছি কোনও অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়ে কেউ যাতে অস্থিতিশীল পরিবেশ ঘটাতে না পারে সেজন্য সবার সহযোগিতা কামনা করছি। কেউ অন্যায় করে যাতে পার না পায় সে বিষয়টাও আমরা নিশ্চিত করবো। সবাই যেন নিজেদের দায়িত্বশীল জায়গাগুলো ভুলে না যায়।’

এসময় উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, সহকারী প্রক্টর সীমা ইসলাম প্রমুখ।

ভিসির সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে আসছেন ভিপি নুর ও অন্যরাএরআগে, সকাল সাড়ে ৯টার দিকে নুরসহ অন্য ছাত্রনেতারা ভিসির সঙ্গে সাক্ষাৎ করতে যান। সেখানে তারা স্যার সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে হামলার বিষয়ে বিস্তারিত অভিযোগ করেন এবং দোষীদের বিচার দাবি করেন। এসময় নুরের সঙ্গে ডাকসুর সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন, শামসুন্নাহার হলের ভিপি শেখ তাসনীম আফরোজ ইমি এবং ডাকসুর ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অরনি সেমন্তি খান ও রাশেদ, তালিম হাসান রিজভি, শাফি আব্দুল্লাহ, রাইহান, ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে ঢাবির উর্দু বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফরিদ হাসানকে মারধরের ঘটনার অভিযোগপত্র দিতে স্যার সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে যান ডাকসুর ভিপি নুরুল হক নুর, সমাজসেবা সম্পাদক আকতার হোসেন, শামসুন্নাহার হলের ভিপি শেখ তাসনীম আফরোজ ইমি, ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির, অরণি সেমন্তি খানসহ কয়েকজন। সে সময় নুরসহ ছাত্রনেতারা হলটির ভেতরে গেলে সেখানে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের বাধা দেয় ও অবরুদ্ধ করে বলে অভিযোগ পাওয়া গেছে। আর হলটির বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় ছাত্রলীগের অন্য নেতাদের আপত্তিকর মন্তব্যের শিকার ও তাদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন সেমন্তি, ইমি ও বেনজির। তাদের গায়ে ডিমও ছুড়ে মারা হয়েছে বলে দাবি করেছেন তারা।

আরও পড়ুন:
সোমবারের মধ্যে ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি নুরের

একজন ‘ধর’ ‘ধর’ বলে, আরেকজন পেটে লাথি মারে: বেনজির