পুলিশ সদর দফতরের গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা বলেছেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া প্রতিটি ঘটনায় পুলিশ সর্বনিম্ন সময়ে ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনীয় সব ধরনের আইনি পদক্ষেপ নিয়েছে। প্রায় প্রতিটি ঘটনায় অপরাধের সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় নেওয়া হয়েছে। প্রায় প্রতিটি ক্ষেত্রেই পুলিশ মামলা রুজু হওয়ার জন্য অপেক্ষা না করে তাৎক্ষণিকভাবে তদন্ত করা শুরু করেছে।’
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘আগুনে পুড়লো মানবতা’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকাল ৪টা ৩০ মিনিটে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।
সম্প্রতি ফেনীতে মাদ্রাসাছাত্রীর ওপর সহিংসতার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘ফেনীর মাদ্রাসাছাত্রীকে আগুন দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় পুলিশই কিন্তু সবার আগে তার আগুন নিভিয়েছে। মেয়েটি যখন সিঁড়ি দিয়ে চিৎকার করতে করতে নেমে আসছিল, তখন পুলিশ সদস্যরাই দৌড়ে গিয়ে হাতের কাছ থেকে একটি পাপোশ নিয়ে তার গায়ে জড়িয়ে আগুন নিভিয়েছে। পুলিশই কিন্তু তাকে সর্বনিম্ন সময়ে হাসপাতালে নিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘আজকে (মঙ্গলবার) নরসিংদীর ঘটনাতেও কিন্তু সর্বনিম্ন সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করেছে। এছাড়া ভিকটিমদের পাশে ঢাকায় সার্বক্ষণিকভাবে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। তারা ভিকটিমের চিকিৎসা থেকে শুরু করে অন্য বিষয়গুলো সমন্বয় করছেন। এই বিষয়গুলো তদারকি করার জন্য আমাদের একটি টিম কাজ করছে।’
মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে অংশ নিচ্ছেন– জাতীয় মানবাধিকার কমিশনের সাম্মানিক সদস্য ও মানবাধিকার কর্মী মেঘনা গুহঠাকুরতা, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অধ্যাপক সলিমুল্লাহ খান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান, বেসরকারি সংস্থা আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট উই ক্যানের প্রধান সমন্বয়ক জিনাত আরা হক এবং বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম।
রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহযোগিতায় এ বৈঠকিটি আয়োজিত হয়েছে।
ছবি: সাজ্জাদ হোসেন