বন্ড সুবিধার অপব্যবহার: কাভার্ড ভ্যান ভর্তি ফেব্রিক্স জব্দ

কাস্টমস বন্ড কমিশনারেটবন্ড সুবিধায় আমদানি করা পণ্য খোলাবাজারে বিক্রি করার দায়ে সেলিব্রেটি এক্সপোর্ট গার্মেন্টস লিমিটেডের ৪০ লাখ টাকার ফেব্রিক্সসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট।
সূত্র জানায়, সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফয়সালের নেতৃত্বে প্রিভেন্টিভ দল মঙ্গলবার ভোরে গুলিস্তান জিপিও মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে ডেনিম ফেব্রিক্স ভর্তি একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ন-১১৫৯০১) জব্দ করা হয়। আটক পণ্য রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত সেলিব্রেটি এক্সপোর্ট গার্মেন্টস লিমিটেডের যা বন্ড সুবিধায় আমদানি করা। অবৈধভাবে এসব ফেব্রিক্স বিক্রির জন্য ইসলামপুরে নিয়ে যাওয়া হচ্ছিল।
ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার আল আমিন জানান, জব্দ পণ্যের দাম প্রায় ৪০ লাখ টাকা এবং আদায়যোগ্য শুল্ককরের পরিমাণ প্রায় ৩৭ লাখ টাকা। এ পণ্যের বিপরীতে কাস্টমস আইনে বিভাগীয় মামলাসহ প্রতিষ্ঠানটির বন্ডিং কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে।