ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রীকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে রাজধানীতে মিছিল ও মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
বুধবার (১০ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও লাল পতাকা মিছিল করে তারা।
মানববন্ধনে সংগঠনটির নেতারা বলেন, গত ২৭ মার্চ ফেনীর সোনাগাজীতে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তার কক্ষে ডেকে ওই মাদ্রাসার একছাত্রীর শ্লীলতাহানি করে। এ ঘটনায় ওই ছাত্রীর মা মামলা দায়ের করলে পুলিশ অধ্যক্ষকে গ্রেফতার করে। এরপর থেকে ছাত্রীর পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিতে থাকে। কিন্তু হুমকিতে কান না দেওয়ায় গত ৬ এপ্রিল পরীক্ষার কেন্দ্রের ভবনের ছাদের ডেকে নিয়ে ওই ছাত্রীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। অগ্নিদগ্ধ ছাত্রী এখন লাইফ সাপোর্টে আছে। তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে এবং বর্তমান অবস্থা আশঙ্কাজনক।
তারা আরও বলেন, শুধু ফেনীর সোনাগাজীর এই বর্বরতা নয়, সারাদেশে নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা বেড়েই চলেছে। একটি নির্যাতনের ঘটনার বর্বরতা আগেরটিকে ছাপিয়ে যাচ্ছে। এবছরের প্রথম তিন মাসে ১৮৯ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ১৫ জনকে ধর্ষণের পর হত্যা করা হয় এবং তিনজন ধর্ষণের পর আত্মহত্যা করেছেন।
বক্তারা বলেন, এই সমাবেশ থেকে বলতে চাই, সোনাগাজীর মাদ্রাসাছাত্রীকে হত্যাচেষ্টায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। না হলে এমন ঘটনা দিনের পর দিন বাড়তেই থাকবে। আর অপরাধীরা থেকে যাবে আইনের ঊর্ধ্বে।
সমাবেশে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু, ঢাকা নগর শাখার সদস্য রোকসানা আশা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দিলরুবা নূরী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা নগর শাখার সাধারণ সম্পাদক মুক্তা বাড়ৈ প্রমুখ উপস্থিত ছিলেন।