লুঙ্গি পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী। বুধবার (১০ এপ্রিল) দুপুরে মিছিল নিয়ে অপরাজেয় বাংলা, টিএসসি, কার্জন হলসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করতে দেখা যায় তাদের। মিছিলের আগে ও পরে অনেকে নিজ নিজ বিভাগের ক্লাসেও অংশ নিয়েছেন লুঙ্গি পরে।
জানা যায়, নববর্ষের আগে বাঙালি ঐতিহ্যকে স্মরণ করে এই লুঙ্গি মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণের সময় বাদ্যযন্ত্রের তালে তালে ‘লুঙ্গি’ ‘লুঙ্গি’ বলে স্লোগান দিতে থাকেন তারা।
এ ব্যাপারে সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আকরাম হোসেন বলেন, ‘লুঙ্গি আমাদের সংস্কৃতির অংশ। কিন্তু মনে করা হয় লুঙ্গি পরিধান করে শুধু গরিবেরা। এটি পরে বাইরে যাওয়া যায় না।’
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ ইসিয়াম বলেন, ‘লুঙ্গি বাঙালির একটি ঐতিহ্যবাহী পোশাক। আমরা আজ অনেকেই লুঙ্গি পরে টিএসসিতে সমবেত হয়েছি। আমাদের উদ্দেশ্য হলো, লুঙ্গি পরে সবাই যাতে কোন হীনম্মন্যতা ছাড়াই স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারে।’
সমাজের ট্যাবু ভাঙার জন্য প্রকাশ্যে লুঙ্গি মিছিল করার কথা জানিয়েছেন মিছিলে থাকা নেহাল মুহাম্মদ।
প্রসঙ্গত, এর আগেও পহেলা বৈশাখের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লুঙ্গি সমাবেশ, লুঙ্গি শোভাযাত্রা, লুঙ্গি মিছিলসহ বিভিন্ন নামে লুঙ্গি উৎসবের আয়োজন করেছে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। এবারের উৎসবটির আয়োজন করা হয়েছে লুঙ্গি মহফেল নামে।