দেশের উন্নয়নে সবাইকে কাজ করার আহ্বান প্রধান বিচারপতির



111ঢাকায় অবস্থানরত কুমিল্লার প্রতিটি সন্তানকে নিজ নিজ অবস্থান থেকে কুমিল্লাবাসীর সার্বিক কল্যাণ তথা বাংলাদেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।


ঢাকায় বৃহত্তর কুমিল্লা সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সমিতির সভাপতি প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। তবে দেশের বাইরে থাকায় অর্থমন্ত্রী অনুপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আমরা যারা বৃহত্তর কুমিল্লার সন্তান তারা সত্যিই ভাগ্যবান। প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি সমৃদ্ধ এ জেলার চোখধাঁধানো ও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, মনোমুগ্ধকর পরিবেশে আমরা বেড়ে উঠতে পেরেছি। গোমতী-মেঘনা-তিতাস-ডাকাতিয়া বিধৌত এই প্রাচীন জনপদ একসময় ছিল বিশাল ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত এবং এর অংশ ছিল বর্তমান ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর। শিক্ষা-শিল্প-সাহিত্য-সংস্কৃতির পাদপীঠ বৃহত্তর কুমিল্লা প্রাচীন ঐতিহ্যের ধারক হিসেবে এ উপমহাদেশে সুপরিচিত। এখানকার মানুষের আন্তরিকতা, আতিথেয়তা, সামাজিক সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এখনও অমলিন রয়েছে।’
তিনি বলেন, ‘আমরা বৃহত্তর কুমিল্লার জনগণ এ এলাকার কৃতী সন্তানদের নিয়ে গর্ববোধ করি। এ দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বৃহত্তর কুমিল্লার প্রাজ্ঞ, প্রথিত যশা এবং উদীয় প্রতিভাবানদের ভূমিকা অনস্বীকার্য।’
অনুষ্ঠানে সংবর্ধনা পাওয়া ব্যক্তিদের কাজে সমগ্র জাতি উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।