রাজশাহী-ঢাকা রুটের প্রথম বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে গুজব!

রাজশাহী-ঢাকা রুটের প্রথম বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’ চালু হয়েছে ২৫ এপ্রিল। কয়েকদিন যেতে না যেতেই পাথর ছুড়ে ট্রেনটির গ্লাস ভেঙে ফেলা হয়েছে বলে তথ্য ছড়িয়ে পড়েছে ফেসবুকে। তবে একে গুজব ও অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছেন রেলওয়ে ও পুলিশ কর্তৃপক্ষ।

রবিবার (২৮ এপ্রিল) সকালে সরেজিমনে কমলাপুর রেলস্টেশনে গিয়েও বনলতা এক্সপ্রেসের কোনও বগির গ্লাস ভাঙা পাওয়া যায় নি।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার আমিনুল ইসলাম জানিয়েছেন, তার কাছে বনলতা এক্সপ্রেসের গ্লাস ভাঙার কোনও তথ্য নেই। এটা গুজব।

রাজশাহীর স্টেশন মাস্টার আবদুল করিমের কাছেও নেই এ ধরনের কোনও তথ্য নেই। তিনি জানান, ফেসবুকে এমন তথ্য কী উদ্দেশ্যে দেওয়া হয়েছে তা জানা নেই। তবে এমন কোনও ঘটনা ঘটেনি।

পশ্চিমাঞ্চল রেলের ট্রেন পরীক্ষক বিনয় কুমার মণ্ডল জানান, ট্রেনটির সবকটি বগি চেক করা হয়েছে। কোথাও কোন গ্লাস ভাঙার আলামত পাওয়া যায়নি।

এই কর্মকর্তা আরও জানান, বনলতা এক্সপ্রেসের ১১ বগিতেই নিরাপত্তারক্ষী রয়েছে। তাদের সঙ্গে কথা হয়েছে। তারা এমন কোনও অভিযোগ করেননি।  এটি কেউ ষড়যন্ত্র করে অপপ্রচার চালাচ্ছে।

বাংলাদেশ রেলওয়ে পুলিশের (পশ্চিম) পুলিশ সুপার (এসপি) সিদ্দিকী তানজিমুল রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বনলতা এক্সপ্রেসে কেউ ঢিল ছুড়েছে এমন খবর আমার জানা নেই।’

প্রসঙ্গত, ২৫ এপ্রিল রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ তারিখ থেকে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করেছে ট্রেনটি।