সুবিধাবঞ্চিত ও প্রান্তিক তরুণদের প্রশিক্ষণ দেবে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং বেসরকারি সংস্থা ব্র্যাক। সোমবার (২৯ এপ্রিল) এই সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। প্রাথমিকভাবে এই কাজ নেত্রকোনা থেকে শুরু হবে বলে জানিয়েছে ব্র্যাক।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং বিএমইটি’র মহাপরিচালক সেলিম রেজা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতায় স্বাক্ষর করেন।
সমঝোতার মাধ্যমে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক অঞ্চলের তরুণ জনগোষ্ঠীকে বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণ, ওয়েল্ডিং ও ফেব্রিকেশন, অটোমোবাইল মেকানিক ও গাড়িচালক এবং গার্মেন্টস শিল্পের বিভিন্ন কাজে দক্ষতা অর্জনে প্রশিক্ষিত করা হবে এবং তাদের কাজে নিয়োগের ক্ষেত্রেও চেষ্টা করা হবে। সমঝোতা অনুযায়ী একজন তরুণকে ৩৬০ ঘণ্টার ট্রেনিং করতে হবে। ট্রেনিং শেষ হলে ব্র্যাক এবং বিএমইটি যৌথভাবে দক্ষতার সার্টিফিকেট প্রদান করবে। আগামী ২ মে থেকে এই প্রশিক্ষণের কাজ শুরু হবে বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএমইটি’র পরিচালক ড. নুরুল ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিকল্পনা অধিশাখার উপপ্রধান শেখ মো. শরীফ উদ্দিন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান, ব্র্যাকের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রধান তানভীর আনাম প্রমুখ।