দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘শ্রীলঙ্কায় নারকীয় জঙ্গি হামলা, এরপর?’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (৩০ মার্চ) বিকাল সাড়ে ৪টায় শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘গতরাতে গুলিস্তানে তিনটি বোমা মারলো। গভীর রাতে আইএস দায় স্বীকার করলো। আজকে পুলিশ কমিশনার বললেন, “এই বোমা সাধারণ কোনও বোমা না।” তারা খতিয়ে দেখছেন। ধরুন, এই শক্তিশালী বোমা যদি কোনও পুলিশ বক্সের ওপর পড়তো, শ্রীলঙ্কার ঘটনার প্রভাব কি ফেলতে পারতো? জঙ্গিরা যেসব টার্গেট দেয় সেসব আমাদের সিরিয়াসলি নিতে হবে। এই কারণে যে, তারা অতীতে তো হামলার ঘটনা ঘটিয়েছে। আমাদের বাহিনী বলে, অতো বড় সামর্থ্য নেই, আমি এটি মানতে রাজি নই।’
বাংলাদেশে জঙ্গিবাদের প্রেক্ষাপট প্রসঙ্গে জায়েদুল আহসান পিন্টু বলেন, ‘বাংলাদেশের সমাজ বা রাষ্ট্র ব্যবস্থায় জঙ্গিবাদের যে অবস্থা আমরা দেখি, শ্রীলঙ্কার মতো ঘটনা ঘটুক আর নাই ঘটুক, আমাদের সব সময় চোখ-কান খোলা রাখতে হবে। একজনও যদি জঙ্গিবাদের চেতনাধারী থেকে থাকে, তাহলেও আমরা হুমকির মধ্যে আছি। কারণ এখনকার জঙ্গিবাদ হাজার হাজার কর্মী বাহিনী সমর্থক নিয়ে দাঁড় করাবে– এটা ভাবার কোনও কারণ নেই। নিউজিল্যান্ডের ঘটনায় একজন লোক কিন্তু এতোগুলো মানুষকে মারলো। ফ্রান্সেও কিন্তু একজন ট্রাক নিয়ে গিয়ে এতোগুলো মানুষকে মারলো। তো আমি যদি জঙ্গি হই, আমি যদি সেই দীক্ষায় দীক্ষিত হই, আমি যদি একটি ট্রাক নিয়ে এসে, বোমা নিয়ে এসে একটি বিল্ডিংয়ে হামলা করি, কতো বড় ঘটনা ঘটবে?’
সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন– নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার, শ্রীলঙ্কার বাংলাদেশ দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত মেজর (অব.) আশরাফ উদ দৌলা, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী এবং বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম।
রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে সরাসরি দেখা গেছে এ আয়োজন।
ছবি: সাজ্জাদ হোসেন