শ্রমিকদের বিনা খরচে বিদেশ গমন নিশ্চিতের দাবি

অভিবাসী শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়বিনা খরচে বিদেশ গমন নিশ্চিতের পাশাপাশি অভিবাসী শ্রমিকদের কর্মঘণ্টা, বিশ্রাম ও ছুটির সময় নিশ্চিতের দাবি জানিয়েছে ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। বুধবার (১ মে) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রমিক প্রেরণকারী একটি দেশ। প্রতিবছর লাখ লাখ মানুষ জীবিকার তাগিদে বিদেশে যায়। প্রতিবছর দেশ থেকে গড়ে ২ লাখ ১৩ হাজার ৮৮৭ জন নারী-পুরুষ কর্মসংস্থানের জন্য বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন পেশায় চাকরি নিয়ে যাচ্ছেন। ১৯৭৬ সাল থেকে মার্চ ২০১৯ পর্যন্ত ১ কোটি ২৩ লাখ ৬৪ হাজার ৪৫২ জন নারী-পুরুষ বিশ্বের বিভিন্ন দেশে চাকরি নিয়ে গমন করেছেন।

আর বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে- ১৯৭৬ সাল থেকে ২০১৯ সালের মার্চ পর্যন্ত প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ১০৬.২০ মিলিয়ন ইউএস ডলার। আর গন্তব্যে যাওয়ার তালিকার শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব, ওমান, লেবানন ও কাতার।

মতহবিনিময় সভায় আরও বলা হয়, বেশিরভাগ অভিবাসী শ্রমিকের নিরাপদ অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে সঠিক জ্ঞান নেই। যে কারণে অন্যদেশে গিয়ে অভিবাসী শ্রমিকরা নানাভাবে শোষিত, নির্যাতিত, প্রতারিত হচ্ছে। এদের মধ্যে অনেকেই দিনে ১৪ থেকে ১৮ ঘণ্টা কাজ করে এবং ন্যূনতম মজুরি পায় না। বিদেশে কাজ করার সময় তারা শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হয়। এমনকি মাঝেমধ্যে তাদের কাজের জায়গায় তালাবদ্ধ করে রাখা হয়। জাতিসংঘের অভিবাসী বিষয়ক বিভাগের তথ্য মতে প্রতি দশজন অভিবাসী শ্রমিকের মধ্যে সাতজন নির্যাতনের শিকার হয়।

তাই আমরা বলতে চাই, অভিবাসী শ্রমিকদের বিনা খরচে বিদেশ গমন নিশ্চিত করা ও অভিবাসী শ্রমিকদের কর্মঘণ্টা, বিশ্রাম ও ছুটির সময় নিশ্চিত করা এবং অভিবাসী গৃহ শ্রমিকদের অধিকার রক্ষায় আইএলও কনভেনশন-১৮৯ অনুস্বাক্ষর করাতে হবে।

মতবিনিময় সভায় ওয়ারবি ডেভলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক, বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।