হাতি দিয়ে চাঁদাবাজি, দু্ই মাহুতের কারাদণ্ড

 

হাতি দিয়ে চাঁদাবাজি

রাজধানীর কাওরান বাজারে হাতি নিয়ে সাধারণ মানুষ ও দোকান থেকে টাকা তোলার সময় দু’টি হাতিসহ দুজন মাহুতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। একইসঙ্গে চাঁদাবাজির অভিযোগে দুই হাতির দুই মাহুতকে  দুই বছর করে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ মে) বিকাল চারটার দিকে রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। 

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জনগণকে ভয় দেখিয়ে ও হয়রানি করে টাকা নেওয়ার অভিযোগে দুটি হাতিসহ দুই মাহুতকে আটক করা হয়। চাঁদাবাজির অভিযোগে দুই মাহুতের প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘হাতি দিয়ে টাকা তোলার বিষয়টি নিঃসন্দেহে চাঁদাবাজি। রাজধানীর বিভিন্ন জায়গাতে এ ধরনের চাঁদাবাজি দেখা যাচ্ছে। হাতি দিয়ে এভাবে আর কোথাও চাঁদাবাজি করতে দেখা গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

হাতি দুটি কোথায় রাখা হবে জানতে চাইলে সারওয়ার আলম  বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী হাতি দু’টিকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।’