র্যালি শুরু হওয়ার আগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘মাহে রমজান মুসলমানদের রহমত,মাগফেরাত ও নাজাতের মাস। ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম স্তম্ভ হল মাহে রমজানে সিয়াম সাধনা তথা রোজা পালন করা। পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে সার্বিক পবিত্রতা বজায় রাখতে আমি সকলের প্রতি আহ্বান জানাই।’
প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকলকে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ,সন্ত্রাস,জঙ্গীবাদ ও মাদকবিরোধী কার্যক্রম গ্রহণ, জনজীবন সহজ করাসহ সার্বিক বিষয়ে পদক্ষেপ গ্রহণের বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছেন। আমরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনের বিভাগ,জেলা,উপজেলা,ইউনিয়ন ও প্রতিটি পাড়া-মহল্লায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের রোজাদারদের রোজা পালন,পবিত্রতা রক্ষা,ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষার পরিবেশ সৃষ্টিসহ সার্বিক বিষয়ে সহযোগিতা দেওয়া নির্দেশ দিয়েছি।
র্যালিতে অন্যান্যের মধ্যে ভারপ্রাপ্ত ধর্মসচিব কাজী হাসান আহমেদ,ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোয়াজ্জেম হোসেন, যুগ্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার ও ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকরা উপস্থিত ছিলেন।