লবণবোঝাই কাভার্ডভ্যান থেকে ইয়াবা-গাঁজা উদ্ধার, আটক ২

আটক হুমায়ন কবির ও রুহুল আমিন (মাঝে)রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় লবণবোঝাই একটি কাভার্ডভ্যান থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। তারা হলো, চালক মো. হুমায়ন কবির (৩৬) ও হেলপার মো. রুহুল আমিন (২৬)। তাদের বাড়ি ঢাকার ধামরাইয়ে।
জানা গেছে, সোমবার (৬ মে) রাত পৌনে ২টার দিকে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেসার্স সান্টু ফিলিং স্টেশনের সামনে কাভার্ডভ্যানটি তল্লাশি করা হয়। এ সময় লবণবোঝাই ওই কাভার্ডভ্যান থেকে ৬ হাজার পিস ইয়াবা এবং দুই কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র‌্যাব-৩ এর কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফাইজুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সেতু ট্রান্সপোর্ট এজেন্সির লবণবোঝাই একটি কাভার্ডভ্যান তল্লাশি করা হয়। কাভার্ডভ্যানের চালকের পেছনের সিটের নিচে শপিং ব্যাগের ভেতর থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তারা ইয়াবা ও গাঁজা চট্টগ্রাম থেকে এনে বিভিন্ন কৌশলে তা ঢাকাসহ আশপাশের এলাকায় পাচার করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে।