কণ্ঠশিল্পী আসিফ আকবরের মামলার তদন্ত প্রতিবেদন ২০ জুন

 

আসিফ আকবর (ছবি: সংগৃহীত)কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ জুন ধার্য করেছেন আদালত। সোমবার (৬ মে) তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক তোফাজ্জল হোসেন পরবর্তী এই তারিখ ধার্য করেন।

মামলার এজাহারে জানা গেছে, গত বছরের ১ জুন রাত নয়টার দিকে একটি টেলিভিশন চ্যানেলের ‘সার্চ লাইট’ অনুষ্ঠানের মাধ্যমে বাদী জানতে পারেন, আসিফ অনুমতি ছাড়াই তার সংগীতকর্মসহ অন্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করেছেন। পরে বাদী বিভিন্নভাবে আরও জানতে পারেন, আসিফ তার প্রযোজনা প্রতিষ্ঠান আর্ব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো ডিজিটালে রূপান্তর করে বিপুল অর্থ উপার্জন করেছেন। অনুমোদন ছাড়া গান বিক্রির বিষয়টি উল্লেখ করে শফিক তুহিন নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। তার সেই পোস্টের নিচে আসিফ অশালীন মন্তব্য করেন। পরের দিন রাতে আসিফ আকবর আবারও তার ফেসবুক পেজে লাইভে আসেন। লাইভে শফিক তুহিনের বিরুদ্ধে অবমাননাকর, অশালীন ও মিথ্যা বক্তব্য দেন। ফেসবুক পেজে লাইভে এসে ভক্তদের উদ্দেশে আসিফ বলেন, ‘শফিক তুহিনকে যেখানেই পাবেন, সেখানেই প্রতিহত করবেন।’

ওই ঘটনায় ২০১৮ সালের ৪ জুন সন্ধ্যায় গীতিকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন তেজগাঁও থানায় আসিফের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় আসিফ ছাড়া আরও চার-পাঁচজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। তেজগাঁও থানায় মামলা নম্বর- ১৫ (০৬) ১৮। পরে ৫ জুন দিবাগত রাত দেড়টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল আসিফকে তার এফডিসির কাছের অফিস থেকে গ্রেফতার করে।