শিগগির গাবতলীর চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াগাবতলীর চাঁদাবাজদের কারণে মাংসের দাম বাড়ার অভিযোগ আমলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘শিগগির গাবতলীর চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এমনকি সিটি করপোরেশনের কেউ যদি জড়িত থাকে, তাদেরকেও আইনের আওতায় আনা হবে। যদি সুস্পষ্ট প্রমাণ পাই, তাহলে উইথ ইন শর্ট টাইম আপনারা দেখতে পাবেন; তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নিচ্ছি।’

সোমবার (৬ এপ্রিল) বিকাল তিনটায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের সঙ্গে রমজানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে সকালে রাজধানীর মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম ডিএসসিসির মেয়রের কাছে অভিযোগ করেন গাবতলীর চাঁদাবাজদের কারণে মাংসের দাম বাড়ছে।

কমিশনার বলেন, ‘রমজানে আইনশৃঙ্খলার নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। রেলপথ, নদীপথসহ সব ধরনের যাতায়াতে সিসি ক্যামেরা ও উন্নত প্রযুক্তি স্থাপন করা হয়েছে। নিরাপত্তা নিয়ে কোনও শঙ্কা নেই। রমজানে পথ-ঘাট ও ফুটপাত দখল করে ইফতার সামগ্রী বিক্রি করা হয়। এবার সে সুযোগ দেওয়া যাবে না। কেউ ফুটপাত দখল করে ইফতার সামগ্রী বিক্রি করতে পারবে না। যাতে রোজাদারদের চলাচলে কোনও অসুবিধা না হয়, সেজন্য ফুটপাতে কোনও হকার বসতে দেওয়া হবে না। সুনির্দিষ্ট বাজারগুলো কিংবা যেখানে চলাচলের ব্যাঘাত ঘটবে না, শুধু সেসব স্থানে হকাররা বসতে পারবেন। সেই সঙ্গে রমজানে যানজট সহনীয় রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে।’

ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, ‘ফুটপাত মুক্ত রাখতে ডিএসসিসির মনিটরিং টিম কাজ করবে। সেই সঙ্গে হকারদের কথাও চিন্তা করে ডিএসসিসি ও ডিএনসিসি এলাকায় ১১টি হলি ডে মার্কেট চালু করা হয়েছে। প্রতি শুক্র ও শনিবার চালু থাকবে এসব মার্কেট। তবে শহরের আর কোথাও ফুটপাত দখল করে হকাররা বসতে পারবেন না। মতিঝিল এলাকায় হকাররা বসতে পারবেন শুধু প্রতিদিন অফিস ছুটির পর। অর্থাৎ বিকাল সাড়ে তিনটার পর তারা ওই এলাকায় বসতে পারবেন।’

হলিডে মার্কেট

ডিএসসিসির আওতাধীন রমনা জোনের কার্পেট গলি (মৎস্য ভবন হতে শিল্পকলা একাডেমি)। নালার পাড় (কাঁটাবন হতে শাহবাগের দিকে প্রথম গলি)। মতিঝিল জোনের- মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তা ও বক চত্বর থেকে পূবালী ব্যাংক লিংক রোড (দিলকুশা রোড)।ওয়ারী এলাকার যাত্রবাড়ী চৌরাস্তার পূর্ব পাশে।

ডিএনসিসির আওতাধীন তেজগাঁও জোনের- (লালমাটিয়া মাঠ আড়ং এর পেছনে) ও সলিমুল্লাহ রোডের পানির ট্যাংক মাঠ। মিরপুর জোনের (মিরপুর-১ হতে রাইনখোলা ও হারুন মোল্লাহ ঈদগাহ মাঠ)। উত্তরা জোনের- জমজম টাওয়ারের পশ্চিম পাশের খালি প্লট ও কাবাব ফ্যাক্টরির সামনের খালি চত্বর।

রমজান মাসে প্রতি শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে এসব হলিডে মার্কেট। তবে রোজার পর এসব হলিডে মার্কেট আর থাকবে না।