অভিযুক্ত ধর্ষক মানিকবরগুনার বেতাগী থানার একটি ধর্ষণ মামলার অভিযুক্ত প্রধান আসামি মানিককে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। শুক্রবার (১০ মে) সকালে রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৭ এপ্রিল ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণী নিজে বাদী হয়ে ২ মে মানিকসহ দুইজনকে আসামি করে বেতাগী থানায় মামলা করেন। ভিকটিমের বাড়ি বেতাগী উপজেলায়।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২৭ এপ্রিল রাত আটটার দিকে বাউল গানের আসরে গান গায়ো উদ্দেশে চাচা ও চাচাতো ভাইসহ বাকেরগঞ্জে যাচ্ছিলেন তিনি। পথে মানিক ও আলমগীর নামে দুই ব্যক্তি তাদের পথরোধ করে। একপর্যায় সঙ্গে থাকা তার চাচা ও চাচাতো ভাইকে মারধর করা হয় এবং ভিকটিম কিশোরীকে অপহরণ ও ধর্ষণ করে তারা। পরে তার চাচা ও চাচাতো ভাইয়ের চিৎকারে ধর্ষকরা পালিয়ে যায়।