ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা ডিবির সহকারী পুলিশ সুপার শাহ মো. মশিউর রহমানকে আসামিপক্ষের আইনজীবীদের পরবর্তী জেরার জন্য আগামী ২০ জুন নির্ধারণ করেছেন আদালত। আসামিপক্ষের আইনজীবীদের জেরা শেষ না হওয়ায় মঙ্গলবার (২৮ মে ) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর আদালতের বিচারক রবিউল আলম এদিন নির্ধারণ করেন।
গত ২০ মে শাহ মো. মশিউর রহমানের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। এরপর ওই দিন আসামি পক্ষের আইনজীবীরা জেরা শেষ করতে না পারায় আদালত আজকের দিন (২৮ মে) দিন ধার্য করেন। এ মামলায় এপর্যন্ত ২৩ জনের জবানবন্দি গ্রহণ করেছেন আদালত।
এ মামলায় অভিযুক্ত পাঁচ আসামি হলো- জিকরুল্লাহ ওরফে হাসান (১৯), মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ ওরফে এরফান ওরফে মুশফিক (১৯), মো. সাইফুল ইসলাম ওরফে মানসুর (২৩), মাওলানা জুনেদ আহমেদ ওরফে জুনায়েদ ওরফে তাহের (৩০) ও আবদুল্লাহ ওরফে মো. আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে বড় ভাই (২৮)।
এদের মধ্যে মাওলানা জুনায়েদ আহমেদ ওরফে জুনায়েদ ওরফে তাহের ও আবদুল্লাহ ওরফে মো. আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে বড় ভাই পলাতক। বাকিরা কারাগারে রয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ মার্চ সকালে রাজধানীর হাতিরঝিল সংলগ্ন তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ী এলাকায় বাসা থেকে বের হওয়ার সময় ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার দিন দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে জিকরুল্লাহ ও আরিফুল নামে দু’জনকে আটক করে জনতা। পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদে তারা এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করে। এই ঘটনায় নিহতের ভগ্নিপতি মনির হোসেন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হত্যা মামলা করেন।
২০১৫ সালের ১ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহ মো. মশিউর রহমান আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।