চুয়েট সিন্ডিকেট সদস্য হলেন মেজর সামসুদ্দীন আহমদ চৌধুরী

মেজর সামসুদ্দীন আহমদ চৌধুরীচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হলেন রাজউকের সদস্য মেজর সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব)। রাজউকের এ সদস্যকে (উন্নয়ন) অতিরিক্ত দায়িত্ব হিসেবে চুয়েটের সিন্ডিকেট সদস্য মনোনীত করে সরকার। রাজউকের সহকারী পরিচালক মো. আতিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম স্বাক্ষী তিনি। মামলার আলামত সংরক্ষণে ভূমিকা রাখতে গেলে তৎকালীন সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। তিনি চুয়েটের একজন গ্রাজুয়েট এবং ওই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে ছাত্র আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি বিভিন্ন মামলা ও নির্যাতনের শিকার হন। পরবর্তীতে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে যোগ দেন। পার্বত্য চট্টগ্রামে অপারেশনে বিশেষ ভূমিকা পালন করে তিনি দাবানল বার পদক অর্জন করেন। এছাড়া গঙ্গারাম ক্যাম্প স্থাপনের মাধ্যমে সাজেকের রাস্তার গোড়াপত্তন তিনি করেন। তিনি পূর্ব তিমুরে শান্তিরক্ষী মিশনে বিশেষ ভূমিকা রাখার জন্য ইউ এন মিশন বার পদক অর্জন করেন।