ক্ষতিপূরণের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

গার্মেন্টস শ্রমিকদের মিছিল

আশুলিয়ায় সাউথ ইন সোয়েটার লিমিটেডের চাকরিচ্যুত ৫০০  শ্রমিককে  চাকরিতে পুনর্বহাল, অথবা তাদেরকে আইনানুগ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা।

রবিবার (৩০ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এ দাবি জানান।

বক্তারা ব‌লেন,  সাউথ ইন সোয়েটার লিমিটেড কারখানাটির অবস্থান আশুলিয়ায়।  মালিকপক্ষ গত ২৪ জুন শ্রমিকদের সঙ্গে  কোনও আলোচনা এবং কোনও প্রকার নোটিশ না দিয়েই বেআইনিভাবে কারখানাটি বন্ধ করে দেয়। এছাড়া, গত ২৬ জুন শ্রমিকদের না জানিয়ে  মালিক পক্ষ এবং  প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মধ্যে একটি সমঝোতা হয়। ওই সমঝোতায় শ্রমিকদের না রেখে শ্রমিকদের প্রতিনিধিত্ব করেন কারখানা কর্তৃপক্ষ, যা সম্পূর্ণ বেআইনি এবং শ্রমিকেরা তা প্রত্যাখ্যান করেছেন।

তারা অভিযোগ ক‌রেন,  নারী শ্রমিকদের মেটার্নিটি ছুটির টাকা দেওয়া হয় না, অর্জিত ছুটির টাকা পরিশোধ করা হয় না, শ্রমিকদের আইনানুগ ক্ষতিপূরণ দেওয়া হয় না এবং আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বেতন পরিশোধ করা হয় না।

অবিল‌ম্বে শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল, অথবা তাদের ক্ষ‌তিপূরণ দেওয়ারও দাবি জানান বক্তারা।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ফেডারেশনের সংগঠনের সহ-সভাপতি সাফিয়া পারভীন, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ফরিদুল ইসলাম, রফিকুল ইসলাম রফিক প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষে তারা প্রেস ক্লাবের সামনে  মিছিল বের করেন।