লতিফ সিদ্দিকীর জামিন আবেদনের ওপর আদেশ বুধবার

লতিফ সিদ্দিকী (ফাইল ফটো)বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতি মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদনের ওপর বুধবার (৩ জুলাই) আদেশের দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ওমর ফারুক। 

প্রসঙ্গত, ২০১৭ সালের গত ১৭ অক্টোব রাতে দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে আদমদীঘি থানায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

এই অন্য আসামি হলেন— ওই জমির ক্রেতা বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার মৃত হারুন অর রশিদের স্ত্রী জাহানারা রশিদ।

গত ২০ জুন এ মামলায় বগুড়ার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন লতিফ সিদ্দিকী। ওই আবেদন না নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বর্তমানে লতিফ সিদ্দিকী কারাগারে রয়েছেন।