ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছে বলে মন্তব্য করেছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘নগরবাসীকে সুনাগরিক হতে হবে। একজন সুনাগরিক যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলতে পারেন না। তিনি ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হন, ট্রাফিক আইন মেনে চলেন। আর তবেই এ শহর নিরাপদ শহরে পরিণত হবে।’
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে রাজধানীর গুলশান-২ এ অবস্থিত করপোরেশনের নগর ভবনে ‘নগরীর সৌন্দর্যবর্ধন ও নগর পরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালায় তিনি একথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ‘চলতি মাসেই সুশাসন ও সুনাগরিক শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হবে। নগরীর সৌন্দর্যবর্ধন ও নাগরিক সেবাদান নিশ্চিত করতে নগর পরিকল্পনাবিদদের এগিয়ে আসতে হবে। নগর পরিকল্পনাবিদদের নিয়ে এ ধরনের কর্মশালা, সেমিনার অব্যাহত থাকবে।’
কর্মশালায় প্রধান বিশেষজ্ঞ হিসেবে নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘সিটি করপোরেশনের নগর পরিকল্পনা বিভাগকে আরও ঢেলে সাজাতে হবে। এ বিভাগে প্রয়োজনীয় লোকবল নিয়োগ করতে হবে। নগর গবেষণা কেন্দ্র (সিইউএস) নগর পরিকল্পনা বিষয়ে সবসময় ডিএনসিসিকে সহযোগিতা করবে।’
কর্মশালায় অন্যের মধ্যে অধ্যাপক এ এফ এম জামাল উদ্দিন, অধ্যাপক নুরুল ইসলাম নাজেম, অধ্যাপক মো. গোলাম মরতুজা, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ-এর গবেষক মারুফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।