নড়াইলের এক বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহার চেয়ে হাইকোর্টের রুল

 

সুপ্রিম কোর্টনড়াইলের কালিয়ার একটি হত্যা মামলার প্রধান আসামির নাম চার্জশিটে অন্তর্ভুক্ত না করায় জেলা ও দায়রা জজের বিচারিক ক্ষমতা কেন প্রত্যহার করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে ওই জেলা ও দায়রা জজকে কারণ দর্শাতে বলেছেন আদালত।
রবিবার (৭ জুলাই) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুসরাত জাহান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ। বাদী নাজমুল হুদার পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল আলীম।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি নড়াইলের কালিয়ার চন্ডিনগর সরকারি প্রাথমিক স্কুলের সামনের সড়কে পাইপগান দিয়ে গুলি করে এনামুল নামে এক যুবককে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন মল্লিক মাঝহারুল ইসলাম ওরফে মাঝাসহ ৬৮ জনের নাম উল্লেখ করে নিহতের ভাই নাজমুল কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় গত ১০ জুন নড়াইলের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামলার প্রধান আসামি মাঝার নাম বাদ দিয়ে অভিযোগ গঠন করেন। এরপর বিচারিক আদালতের ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন নাজমুল। এর ধারাবাহিকতায় আদালত মামলার নথি পর্যালোচনা করে ওই বিচারকের বিচারিক এখতিয়ার কেন প্রত্যাহার করা হবে না, তা জানতে চেয়ে ৪ সপ্তাহের রুল জারি করলেন।