দুদক উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম অভিযানের সময় মশা মারার ওষুধ কেনা ও ব্যবহারসংক্রান্ত নথি খতিয়ে দেখে। সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলে এ অভিযান।
দুদক টিম সিটি করপোরেশনের জনবল ও সরঞ্জাম বাড়ানোর পরামর্শ দেয়। তারা মশা মারার ওষুধের কেনাকাটায় স্বচ্ছতা আনারও আহ্বান জানায়। সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ শরীফ আহমেদ দুদকের অভিযানকে স্বাগত জানিয়েছেন।
দুদক এনফোর্সমেন্ট টিম পরে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতকে সঙ্গে নিয়ে রাজধানীর ১০টি স্থানে যৌথ অভিযান চালায়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্মাণাধীন ভবনে পানি জমিয়ে রাখায় তমা কনস্ট্রাকশনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
মেহেরপুর জেনারেল হাসপাতালে দুদক টিম
এদিকে, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মেহেরপুর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক। অভিযানের সময় ৩ চিকিৎসককে অনুপস্থিত পায় দুদক টিম। এছাড়া হাসপাতালের নার্স, ব্রাদাররা রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে সরেজমিন জানতে পারে তারা। দুদক অভিযোগ কেন্দ্রে অভিযোগ পাওয়ার পর দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া থেকে এ অভিযান চালানো হয়।