শাহজালাল বিমানবন্দরে আড়াই হাজার পিস ইয়াবাসহ আটক ১




বিমানবন্দরশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে আর্মড পুলিশের সদস্যরা। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টার সময় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তির নাম মো. শহিদুল ইসলাম (৩২)। সে বরগুনা জেলার আমতলী থানার রূপখালী গ্রামের মৃত রুস্তম আলীর পুত্র।

বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গনে আটক ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। পরে তাকে অনুসরণ করে আর্মড পুলিশের সদস্যরা। এক সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে শহিদুল পুলিশকে বিভ্রান্তিকর ও সন্দেহজনক তথ্য দেয়। পরে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় সে নিজের কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরে দেহ তল্লাশি করে তার কাছ থেকে দুই হাজার চারশ’ পনেরো পিস ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে জানায় কক্সবাজার থেকে এ ইয়াবার চালান এনেছিল।

অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।