নাটোরের ৫৬ মুক্তিযোদ্ধার নামে গেজেট প্রকাশের নির্দেশ

সুপ্রিম কোর্ট

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি অনুমোদিত নাটের সদর উপজেলার ৫৬ মুক্তিযোদ্ধার নাম গেজেট আকারে প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে এ গেজেট প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিচারপতি জুবায়েল রহমান চৌধুরী ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতে মুক্তিযোদ্ধাদের পক্ষে শুনানি করেন আইনজীবী হুমায়ুন কবির বুলবুল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইশরাত জাহান ও অমিত দাস গুপ্ত।

এর আগে ২০০৬ সালের ৩০ মার্চ এবং ২৭ আগস্ট নাটোরের মুক্তিযোদ্ধাদের বিষয়ে যাচাই-বাছাই শেষ করে জেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও নাটেরের জেলা প্রশাসক সদর উপজেলার ১৩১ জন মুক্তিযোদ্ধার নাম সরকারি গেজেটে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন। এর মধ্যে কিছু সংখ্যক মুক্তিযোদ্ধার নামে গেজেট প্রকাশ করা হলেও ৫৬ জনের নাম গত ১৩ বছরেও গেজেট আকারে প্রকাশ করেনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তবে ওই ৫৬ জনের মধ্যে তিনজন ছিলেন একাত্তরে শহীদ মুক্তিযোদ্ধা এবং ১০ জন মুক্তিযোদ্ধা পরবর্তী সময়ে মৃত্যুবরণ করেন। পরে চলচ্চিত্র পরিচালক শেখ নজরুল ইসলাম ও সাংবাদিক রেজাউল করিমসহ ৫৬ জন মুক্তিযোদ্ধার পক্ষে হাইকোর্টে রিট দায়ের করেন ওই ১৩ মুক্তিযোদ্ধার উত্তরাধিকারীরা।

২০১৬ সালের ৮ ডিসেম্বর ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। দীর্ঘদিন পর সেই রুলের শুনানি নিয়ে ৫৬ মুক্তিযোদ্ধাকে সরকারি গেজেটে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিলেন হাইকোর্ট।