ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের অবহেলা রয়েছে দাবি করে ডেঙ্গু নিরসনে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। রবিবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধ থেকে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘ক্যাম্পাসে অপরিছন্নতার জন্য মশার উপদ্রব বেড়ে গেছে। যার কারণে শিক্ষার্থীরা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। ইতোমধ্যে একজন শিক্ষার্থী মারা গেছেন। ক্যাম্পাসকে অপরিছন্নতা রাখার পেছনে রাজনীতি রয়েছে। ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ফিরোজ কবিরের মরদেহ ক্যাম্পাসে আনতে দেয়নি প্রশাসন, যা আমাদের জন্য খুবই বেদনাদায়ক। প্রশাসনের এধরনের আচরণ আমরা সচেতন শিক্ষার্থী হিসেবে মেনে নিতে পারছি না। ডেঙ্গু প্রতিরোধে যদি কোনও পদক্ষেপ না নেয় নেওয়া হয়, পরবর্তীতে কঠোর কর্মসূচি দেবো।’
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক সজীব হোসাইন, ওয়াসায় পানি নিয়ে আলোচিত সমাজকর্মী মিজানুর রহমানসহ আরও অনেকে প্রমুখ।