অভিযোগ ছাড়া মহাসড়কে পশুবাহী ট্রাক না থামাতে আইজিপির নির্দেশ

১২

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মহাসড়কে কোরবানির পশুবাহী ট্রাক না থামানোর জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বুধবার (৩১ জুলাই) পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত ত্রৈমাসিক (এপ্রিল-জুন ২০১৯) অপরাধ পর্যালোচনা সভায় এই নির্দেশ দেন তিনি।

সভায় সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

এসময় আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, ‘মহাসড়কের ওপর কোনভাবেই কোরবানির পশুর হাট বসানো যাবে না। মহাসড়ক, নৌপথ ও রেলপথে ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে হবে।’

তিনি কোরবানির পশুর চামড়া পাচাররোধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

এছাড়া কেন্দ্রীয় ঈদগাহসহ দেশের প্রধান প্রধান ঈদ জামাতগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে বলেও জানিয়েছেন তিনি।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি আরও বলেন, ‘গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোনোস্থানে গুজবের ঘটনার উদ্ভব হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে ঈদকে সামনে রেখে পোশাক শিল্প নিয়ে যেন কোনও ধরনের গুজব সৃষ্টি না হয় সেদিকে সর্তক থাকতে হবে।’ গুজবের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এবং অগ্রণী ভূমিকা পালন, বন্যার্তদের সাহায্যের জন্য পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

ডেঙ্গু প্রতিরোধেও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান আইজিপি।

পাসপোর্ট ভেরিফিকেশনে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে আইজিপি বলেন, ‘কোনোভাবেই যাতে রোহিঙ্গা ও অপরাধীরা পাসপোর্ট না পায়।’