রাশিয়ার মৎস্যশিকার প্রতিযোগিতায় দুই বাংলাদেশি

1

আগস্টের ১ ও ২ তারিখ রাশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মৎস্য শিকার প্রতিযোগিতায় দুই জন বাংলাদেশি শৌখিন মৎস্য শিকারি (এংলার) অংশগ্রহণ করতে যাচ্ছেন। রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটম ইন্সটলড ক্যাপাসিটি বিবেচনায় রাশিয়ার বৃহত্তম লেনিনগ্রাদ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিকটবর্তী ফিনিশ উপসাগরে এই প্রতিযোগিতার আয়োজন করছে।

বাংলাদেশের মৎস্য শিকার সংগঠন এংলিং ইন বাংলাদেশ থেকে ওমর হায়দার এবং নাদিম হাসান প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন।

আন্তর্জাতিক ভ্রাতৃত্ব ও সহযোগিতা উন্নয়নের পাশাপাশি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পার্শ্ববর্তী জলাধারসহ সম্পূর্ণ পরিবেশ যে উদ্ভিদ ও প্রাণীর জন্য নিরাপদ তা তুলে ধরাই এই প্রতিযোগিতার উদ্দেশ্য। 

বাংলাদেশ, হাঙ্গেরি, মিশর, ভারত, তুরস্ক এবং রাশিয়ার প্রায় ২০ জন মৎস্য শিকারি এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতাটি প্রো-এংলারস লিগ (পল) ফরম্যাটে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাকালীন শিকার করা প্রতিটি মাছ ওজন করার পর পানিতে ছেড়ে দেওয়া হবে।

রুশ ক্রীড়াবিদ, জাতীয় ও আন্তর্জাতিক মৎস্য শিকার প্রতিযোগিয়ায় বিজয়ী এবং বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন।

প্রতিযোগিতার পাশাপাশি অংশগ্রহনকারীরা লেনিনগ্রাদ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করবেন।

উল্লেখ্য, রসাটম বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কারিগরি পরামর্শক এবং মূল যন্ত্রপাতি সরবরহকারী প্রতিষ্ঠান। রূপপুর প্রকল্পে সর্বাধুনিক ভিভিইআর- ১২০০ রিয়্যাক্টর ভিত্তিক ২টি পাওয়ার ইউনিট স্থাপনের কাজ এগিয়ে চলেছে।