কীটনাশক দিয়ে মশকনিধন সম্ভব নয়: কলকাতা পৌরসভা



এডিস মশা (ছবি: ইন্টারনেট থেকে)ধোঁয়া বা কীটনাশক দিয়ে ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশা নিধন করা যাবে না বলে জানিয়েছে কলকাতা পৌরসভা (মিউনিসিপাল করপোরেশন)।
সোমবার (৫ আগস্ট) দুপুরে কলকাতা মিউনিসিপাল করপোরেশনের বিশেষজ্ঞদের সঙ্গে ভিডিও কনফারেন্সের আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সেখানে কলকাতার বিশেষজ্ঞরা মশা নিধনে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামকে ভিন্ন পন্থা অবলম্বনের পরামর্শ দেন।
ভিডিও কনফারেন্সে পতঙ্গ বিশেষজ্ঞ ড. দেবাশীষ বিশ্বাস বলেন, ‘ধোঁয়া বা কীটনাশক দিয়ে ডেঙ্গু মশা নিধন করা যাবে না।’
তিনি বলেন, ‘এ কাজটা শুধু সরকারের নয়, জনগণকেও একটা বার্তা দিতে হবে। তাদের সংযুক্ত করতে হবে।’
এই বিশেষজ্ঞ আরও বলেন, ‘রাজনৈতিক সদিচ্ছা যে দেশে আছে সেখানে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমবে। আমরা শুধু বর্ষাকাল না, সারাবছর ধরেই মশার উৎস খুঁজি এবং নিধন করি।’
কলকাতা মিউনিসিপাল করপোরেশনের বিশেষজ্ঞ দলে ছিলেন সংস্থাটির মুখ্য উপদেষ্টা ড. তপন কুমার মুখোপাধ্যায়, ডেপুটি মেয়র অতীন ঘোষ, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. মনিরুল ইসলাম প্রমুখ।